ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য ‘এআই ফর হেলথকেয়ার প্রফেশনালস’ শীর্ষক সেমিনার ও প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমিনুল ইসলাম সেমিনার হলে এ আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ড্যাফোডিল গ্রুপের ‘স্কিল জবস’ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। ৪০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও হাসপাতাল ব্যবস্থাপনা প্রতিনিধির অংশগ্রহণে দুই মাসব্যাপী প্রথম প্রশিক্ষণ ব্যাচের সমাপনী উপলক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইইউর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশনবিষয়ক উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান।
বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আকিব আরাফাত খান, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী এবং জনস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. বি. এম. আলাউদ্দিন চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম এবং স্কিল জবসের বিজনেস হেড ও ডিআইইউর সিডিসির ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ প্রধান মনোয়ারুল ইসলাম রেবেল।
সেমিনারে স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার, ক্লিনিক্যাল কর্মদক্ষতা বৃদ্ধি, পেশাগত সক্ষমতা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রয়োজনভিত্তিক এআই সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। স্বাস্থ্যসেবা পেশাজীবী ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা এআই এবং ব্যক্তির প্রয়োজন অনুযায়ী তৈরি এআই এজেন্টের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের তৈরি সেরা তিনটি এআই এজেন্ট প্রদর্শন করা হয় এবং কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। পরে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

